প্রতিশ্রুত বিনিয়োগ না করায় ইন্দোনেশিয়ায় আইফোন ১৬ বিক্রি নিষিদ্ধ
অ্যাপলের আইফোন ১৬ বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করেছে ইন্দোনেশিয়া। এর ফলে বিদেশ থেকে কিনে এনেও দেশটিতে আইফোন ১৬ ব্যবহার করা যাবে না। মূলত দেশটিতে অ্যাপলের প্রতিশ্রুত বিনিয়োগ না করায় এই নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার।
চলতি সপ্তাহে এ বিষয়ে এক নির্দেশনা জারি করেন দেশটির শিল্পমন্ত্রী আগুস গুমিওয়াং কর্তাসাসমিতা। তিনি বলেন, ‘যদি ইন্দোনেশিয়ায় কোনো আইফোন ১৬ ব্যবহার করা হয়, তাহলে সেটা অবৈধ ব্যবহার হিসেবে গণ্য হবে। আইফোন ১৬-এর জন্য কোনো আন্তর্জাতিক মোবাইল ইকুইপমেন্ট আইডেনটিটি (আইএমইআই) সার্টিফিকেশন এখনও ইস্যু করা হয়নি।’
ইন্দোনেশিয়ায় অ্যাপলের বিনিয়োগ প্রতিশ্রুতি পূরণ না করাই এই নিষেধাজ্ঞার কারণ বলে খবরে বলা হয়েছে। দেশটিতে অ্যাপলের ১০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করার কথা ছিলো। তবে এখন পর্যন্ত ৯ কোটি ৫০ লাখ ডলার বিনিয়োগ করেছে।
ডিবিটেক/বিএমটি







